
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার ১
মৌলভীবাজার প্রতিনিধি:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের একটি ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় পারভেজ আলম খান (৩২) নামের এক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৮ আগস্ট ২০২৬) ভোর সাড়ে চারটার দিকে ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও বর্তমানে সাভারের মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন। তিনি এই মামলার ২ নম্বর আসামি।
যেভাবে পরিচালিত হয় অভিযানঃ
পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে ডিবির একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে। এরপর বৃহস্পতিবার সারারাত সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে তাকে আটক করা হয়।
ডিবির বক্তব্য ও মামলার বর্তমান পরিস্থিতিঃ
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে আলোচিত এই সাইবার মামলায় ডিবির অভিযানে সৈয়দ তানভীর নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে এবং এই অপরাধের সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবির অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
