নিজস্ব প্রতিনিধিঃ

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত, পরিচ্ছন্নতা ও দালালমুক্ত পরিবেশসহ সার্বিক উন্নয়নে নানা সিদ্ধান্ত
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হাসপাতালের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. নাসের রহমান-এর সভাপতিত্বে এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমদ ফয়সল জামান-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকা, নিয়মিত রোগী দেখা, রোগীদের যথাযথ সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া হাসপাতালের রোগীদের খাবারের মানোন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, আউটসোর্সিং কার্যক্রমের মান নিশ্চিত করা এবং হাসপাতালকে দালালমুক্ত রাখার বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।
সভায় হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে চিকিৎসাসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রতিমাসে হাসপাতাল পরিদর্শন, নিয়মিত মাসিক ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজন এবং হাসপাতালের সার্বিক উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত বিশেষভাবে উল্লেখযোগ্য।
সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক বিনেন্দু ভৌমিক, উপ-পরিচালক প্রণয় কান্তি দাস, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বকশি মিছবাউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করে রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।এসময় মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এম এ মুকিত, মোঃ হেলুু মিয়া,মোঃ ফখরুল ইসলাম ও জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
