নিজস্ব প্রতিনিধিঃ

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় পুনর্মিলনী ও মিলনমেলা–২০২৬ অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান –এর উদ্যোগে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক বর্ণাঢ্য পুনর্মিলনী ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা—এসব আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেম আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী, সাবেক অধ্যক্ষ, বাদেদেওরাইল কামিল মাদরাসা; জেলা পুলিশ সুপার বিল্লাল হোসেন; উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ রাজীব হোসেন; এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।
পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠার অর্ধশতবর্ষ উদ্যাপনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আয়োজকরা সকল প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ধর্মীয় ও আধুনিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা। এই পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, স্মৃতিচারণ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আয়োজকদের প্রত্যাশা।
