মৌলভীবাজার প্রতিনিধিঃ


মৌলভীবাজারে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক-২
মৌলভীবাজার সদর থানাধীন হিলালপুর এলাকার আজাদ হোসেন পীরের বাড়িতে অভিযান পরিচালনা করে তার ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসময় দুই নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে শহরের হিলালপুর এলাকায় আজাদ পীরের পৈতৃক বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পীর আজাদের হিলালপুর এলাকার বাড়িতে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন এর নেতৃত্বে অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।


অভিযানের খবর আঁচ করতে পেরে পালিয়ে যায় পীর আজাদ। এসময় তার ঘরের একটি কক্ষে পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক রামদা,দা,তলোয়ার, চায়নিজ কুড়াল,স্প্রকেট কুড়াল, চাকু, চাপাতি,কুচা সহ বড় বড় লোহার পাইপ উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ সুত্রে জানা যায়, সদর উপজেলার খালিশপুর এলাকায় অভিযান শেষে থানায় ফিরছিলেন পুলিশ সদস্যরা। এসময় তারা যুগিডর এলাকায় পীর আজাদের সহযোগী জুবেল কর্তৃক এক যুবককে মারধর করতে দেখতে পায়।
এসময় একজন পুলিশ সদস্য এগিয়ে গেলে সন্ত্রাসী জুবেল পীর আজাদের বাসা থেকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দক্ষ টিম পীর আজাদের বাড়ী ঘিরে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পীর আজাদ এর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ধরণের অপরাধে থানায় অন্তত ৪ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আজাদ পীরের মা ও বোনকে আটক করা হয়েছে। এছাড়া পীর আজাদসহ বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
