নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে নাসের রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় উন্নয়নের লক্ষ্য নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলা হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রস্তুতি, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা, ইউনিয়নভিত্তিক টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় নেতৃত্বের সঠিক ভূমিকা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য . নাসের রহমান বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করতে ত্যাগী ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই।” তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৃণমূলের মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম এ মুকিত, মোঃ ফখরুল ইসলাম, মোঃ হেলু মিয়া, বকসি মিছবাহ উর রহমান, মুজিবুর রহমান মজনু সভাপতি মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি,মোঃ মারুফ আহমেদ সাধারণ সম্পাদক মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি,মনোয়ার আহমেদ রহমান,সাধারণ সম্পাদক পৌর বিএনপি,এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ এলাকার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন ভাবনা এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোকপাত করেন। সম্পূর্ণ উৎসবমুখর ও সোহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভাটি সমাপ্ত হয়।

