মৌলভীবাজার প্রতিনিধি।


স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃঢ়চেতা আপসহীন সিদ্ধান্তের সুফল মিলেছে জুলাই ও আগস্টের আন্দোলনে। তাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। কোনো সুবিধাভোগী, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে সহায়তাকারী কেউ নতুন করে দলে ঠাঁই পাবে না। নতুন করে কোনো যোগদানও হবে না। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের সামান্য স্বার্থকে প্রাধান্য দিয়ে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। মনে রাখবেন বিএনপি গণমানুষের দল, আপনার আমার মতো গুটি কয়েক নেতাকর্মীর জন্য দল বাধাগ্রস্ত হবে না। দলের কার্যক্রম অচল হবে না। এরপরও যারা অপকর্মের সঙ্গে নিজেকে জড়াবেন তাদের দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে। আগামীর বাংলাদেশ হবে সাম্যের, মানবিক ও কল্যাণকর। তিনি শেখ হাসিনার সকল অপকর্মের বিচারের দাবি জানান। এরইসঙ্গে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের ওপর মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারের দাবি জানান। ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার শহরের অভিজাত বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাগদুম মাছুম বিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি.এম মুক্তাদির রাজু, সদস্য সচিব আহমদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।
