সোমবার, ১৯শে শ্রাবণ ১৪৩৩ - ৩ রা আগস্ট ২০২৬ রাত
প্রচ্ছদজেলার খবররাজনগরে একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যেদের পাশে নাসের রহমান।

রাজনগরে একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যেদের পাশে নাসের রহমান।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

১১ দৃষ্টিপ্রতিবন্ধীর অসহায় জীবনের খবর পৌঁছায় লন্ডনে, দেশে ফিরেই ছুটে গেলেন এমপি নাসের রহমান
খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা, চিকিৎসা থেকে সরকারি সুবিধা নিশ্চিতের আশ্বাস; বন্যাদুর্গত এলাকাও পরিদর্শন

রাজনগরের বন্যাকবলিত দক্ষিণ ইসলামপুর গ্রামের একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের অসহায় জীবনযাপনের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি পৌঁছে যায় মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের কাছে। সে সময় তিনি লন্ডনে অবস্থান করছিলেন। সংবাদটি দেখেই তিনি তার ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ সাজাহান সিরাজকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং প্রশাসনের মাধ্যমে পরিবারটির পাশে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। দেশে ফিরেই শনিবার (২৫ জুলাই) সকালে তিনি ছুটে যান পরিবারটির বাড়িতে।
কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের কামাল মুন্সির বাড়িতে পৌঁছে এমপি নাসের রহমান পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। তাদের জীবনসংগ্রাম, চিকিৎসা, বসবাস ও চলাচলের নানা সংকটের কথা শোনেন। পরে তাদের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং দ্রুত সরকারি সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আশ্বাস দেন।
পরিবারটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের কষ্টের কথা জানতে পেরে আমি চুপ করে থাকতে পারিনি। লন্ডনে থাকতেই প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। দেশে ফিরে সবার আগে আপনাদের খোঁজখবর নিতে এসেছি। আপনাদের পাশে আমি আছি, ভবিষ্যতেও থাকব।”
নাসের রহমান জানান, তার উদ্যোগে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে পরিবারের তিন সদস্যের সফল চক্ষু অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ও দুজন শিশু ইতোমধ্যে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। পরিবারের অন্য সদস্যদের চিকিৎসার বিষয়েও বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
পরিবারটির দুর্দশা দেখে তিনি বাড়িতে যাতায়াতের রাস্তা সংস্কার, সরকারি ভাতা, প্রতিবন্ধী সহায়তা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
উল্লেখ্য, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি পেয়ে রাজনগরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। দক্ষিণ ইসলামপুরসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েন। এরই মধ্যে একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের মানবেতর জীবনযাপনের চিত্র গণমাধ্যমে প্রকাশিত হলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন মহলে সহমর্মিতা সৃষ্টি হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার, রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত ও মো. ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলন, সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
একই দিনে এমপি নাসের রহমান রাজনগরের টেংরা ও কামারচাক ইউনিয়নের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
স্থানীয়দের মতে, দুর্যোগের এই সময়ে একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের বাড়িতে সংসদ সদস্যের উপস্থিতি শুধু একটি আনুষ্ঠানিক সফর ছিল না; বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক বার্তা, যা বন্যাকবলিত মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

রিলেটেড

জনপ্রিয়