মৌলভীবাজার প্রতিনিধিঃ



মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন
মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং খাল (৩.৮ কি.মি.) খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের কাটাগাং খাল খনন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান,মোঃ ফখরুল ইসলাম, হেলু মিয়া, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারন সম্পাদক মারুফ আহমদ,পৌর বিএনপির সাধারন সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন, এবং বিএডিসি’র প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।
খাল খনন উদ্বোধন উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রমিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই কাটাগাং খালের খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়া খাল-নদী পুনঃখননের মাধ্যমে কৃষি সেচব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে, যা এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসন এর তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে কাটাগাং খালের নাব্যতা পুনরুদ্ধার করা হবে এবং আশপাশের কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। এতে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, একই দিনে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের এই বৃহৎ কর্মসূচি একযোগে বিভিন্ন জেলায় শুরু হয়েছে। সরকারের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
