শনিবার, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ ভোর
প্রচ্ছদজাতীয়২২ জানুয়ারি সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারনা শুরু মৌলভীবাজারে দ্বিতীয় জনসভা...

২২ জানুয়ারি সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারনা শুরু মৌলভীবাজারে দ্বিতীয় জনসভা করবেন তারেক রহমান।

মৌলভীবাজার প্রতিনিধিঃ


প্রায় দুই দশক পর পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২১ জানুয়ারি রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে তিনি সিলেট নগরীতে অবস্থিত হযরত শাহজালাল (রহ.) এবং খাদিমনগরে অবস্থিত হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সিলেটের জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। এরপর দুপুর ১টার দিকে তিনি সড়কপথে মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায় অবস্থিত আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে দ্বিতীয় জনসভায় যোগ দেবেন। এই জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে পরিচয় করানো হবে। পরে তিনি হবিগঞ্জ জেলার স্টেডিয়ামের পাশের মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে রোববার (১১ জানুয়ারি) মৌলভীবাজার শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের অংশগ্রহণে একটি যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনসভাকে সফল করতে সকলের মতামতের ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মঞ্চ নির্মাণ, মাইকিং ব্যবস্থা, প্যান্ডেল স্থাপন, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষাকারী দল গঠন, যানবাহন পার্কিং ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সভা ও মাঠ পরিদর্শন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জনসভাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের জনসভা অনুষ্ঠিত হতে যাওয়া নিয়ে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

উল্লেখ্য, অতীতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান নিজ জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এসেছিলেন। দীর্ঘদিন পর একই এলাকায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খলিলপুরের পাশাপাশি পার্শ্ববর্তী মনুমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
স্থানীয় মানুষের প্রত্যাশা
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানের কাছে মৌলভীবাজার জেলার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা তুলে ধরতে আগ্রহী। তাদের দাবির মধ্যে রয়েছে—
মৌলভীবাজারে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন
সদর জেনারেল হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করা
শমশেরনগর বিমানবন্দর চালুকরণ
ঢাকা–শ্রীমঙ্গল রুটে নতুন ট্রেন সার্ভিস চালুসহ জেলাবাসীর বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরা হবে।
জানতে চাইলে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেন,
“আমরা অত্যন্ত আনন্দিত যে মৌলভীবাজারে উনি আসতেছেন। সিলেট বিভাগের তিনটি জায়গায় জনসভা করবেন—একটি সিলেট আলিয়া মাদরাসা মাঠে, আরেকটি আমাদের মৌলভীবাজার আইনপুর প্লে গ্রাউন্ডে, আরেকটি হবিগঞ্জ জেলা স্টেডিয়ামের পাশে। আমাদের জন্য এটা বিরাট সুযোগ, উনাকে স্বাগত জানানোর। আগামী ২২ জানুয়ারি দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ইনশাআল্লাহ উনি আইনপুর মাঠে আসবেন।”
তিনি আরও বলেন, “আমার নির্বাচনী এলাকার সকল বিএনপি সমর্থক ও শুভানুধ্যায়ীরা যেভাবে পারেন মাঠে আসবেন। আমরা সহযোগিতা করবো যানবাহন দিয়ে, যদিও সীমাবদ্ধতা আছে। বিশেষ করে সদর উপজেলার খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের মানুষদের অনুরোধ—হেঁটে আসুন, যাতে দুপুর ১টার মধ্যে মাঠ পরিপূর্ণ হয়। জেলা জুড়ে বাসে লোকও আসবেন। আমরা আশা করছি লক্ষাধিক মানুষ সমাগম হবে।”
নিজের নির্বাচনী প্রক্রিয়া ও চেয়ারম্যানের মনোযোগ প্রসঙ্গে এম নাসের রহমান বলেন,
“আমার নির্বাচনী মনোনয়ন দাখিলের আগেও চেয়ারম্যান সাহেব বিভিন্ন সময় আমার খোঁজখবর নিয়েছেন, দেখেছেন আমার কোনো অসুবিধা আছে কি না। উনি নিশ্চয়ই উপলব্ধি করেছেন এখানে আমি নির্বাচন করবো। এজন্য আমি উনার কাছে আন্তরিক কৃতজ্ঞ। উনার অনুপ্রেরণায় আমরা আমাদের বিভিন্ন সমস্যা সমাধান করেছি।”
তিনি আরও বলেন, “যেদিন উনার সঙ্গে দেখা করতে অফিসে গেলাম, প্রথম সালাম দিতে গেলাম, উনি বললেন—‘এমপি সাহেব, আপনি এখানে?’ আমি বললাম—আপনাকে সালাম দিতে এসেছি। উনি বললেন—‘ঠিক আছে, আপনি চলে যান নির্বাচনী এলাকায়, আমি পরদিনই মৌলভীবাজারে আসছি।’ আমার মনে হয়, উনি চাচ্ছেন এখানে সুন্দর একটি জনসভা হোক। সে জন্য উনি আমাদের এতটা গুরুত্ব দিয়েছেন।”

মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন- আমরা এর আগে শহরের বেঙ্গল কনফারেন্স সেন্টারে আমরা জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের যৌথ সভা আমরা করেছিলাম। সেখানে আমাদের দলীয় প্রার্থী এম নাসের রহমান আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের নেতাকর্মীরা জেলা বিএনপি পৌর এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সবাই মতামত ব্যক্ত করেছেন। অফিসিয়ালি আমরা সবাইকে অবহিত করেছি। অলরেডি সবাই অবহিত। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসবেন এটা নিজে থেকেই মানুজন জেনে গেছেন। আমরা জেলা বাসী অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত এবং ধন্য যে তিনি সিলেটের পরেই আমাদের মৌলভীবাজার জেলায় এ প্রোগ্রামটা করছেন। আমাদের জেলা সদর আসনের প্রার্থী যাকে নিয়ে আমরা এ মাঠটি দেখতে আসলাম এম নাসের রহমান সাহেব ইতিমধ্যেই গতকালকে কিভাবে কোন উপজেলা থেকে নেতাকর্মী সহ লোকজন আসবেন আমাদের জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সেক্রেটারী মিজানুর রহমান সহ অন্যান্য সবাই ঐক্য বদ্ধ ভাবে আমরা কাজ করতেছি। আমরা কোনো অসুবিধা দেখতেছি না। আমরা খুবই আশাবাদী যে মাঠের সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যেখানে ম্যাডামের জনসভা করেছিলাম এর চাইতে ডাবল জায়গা এখানে। ইনশাআল্লাহ এই মাঠটি পরিপূর্ণ হবে। এবং তারেক রহমান সাহেব এখানে একটি সুন্দর মিটিং করবেন। এবং আমরা আশাবাদী আমাদের জেলায় চারজন দলের প্রার্থী আছেন তারা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।
জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন বলেন,
“আমরা মৌলভীবাজার জেলা বিএনপি পরিবার অত্যন্ত আনন্দিত। জেলা, অঙ্গ সংগঠন ও চারটি আসনের প্রার্থীদের নিয়ে যৌথ সভা করেছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ আমরা আইনপুর মাঠ পরিদর্শন করেছি। ইনশাআল্লাহ, আমাদের নেতাকে বরণ করার জন্য স্থানীয় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখানে একটি স্মরণকালের জনসভা হবে।”
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন,
“আইনপুর মাঠ আমাদের নিজের এলাকা। খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়ার একটি অংশ। অতীতে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে এসেছেন। এবার আমাদের চেয়ারম্যান সাহেবকে নিজের এলাকায় পাচ্ছি, এটি আমাদের জন্য সৌভাগ্যের।”
তিনি যোগ করেন, “আমি খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়ার সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি—আপনারা সবাই নিজ উদ্যোগে উনার প্রোগ্রামে অংশ নেবেন। যেহেতু উনাকে আমরা নিজের এলাকায় পেয়েছি, আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমরা সকাল থেকেই বের হবো এবং এলাকা লোকে লোকারণ্য করবো।”

সর্বশেষ ২০০৫ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সিলেট সফর করেছিলেন। সে সময় তিনি সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছিলেন। বিভিন্ন সময়ে তিনি সিলেটকে তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ উল্লেখ করেছেন।
দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জুড়ে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, প্রত্যাশা ও উৎসাহ বিরাজ করছে।সোমবার
বিকেলে মৌলভীবাজারের শেরপুরের খলিলপুর ইউনিয়নের আইনপুর খেলার মাঠ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার – ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এম নাসের রহমান সহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

রিলেটেড

জনপ্রিয়