জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ

সাবেক এমপি নাসের রহমানের সঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারের বাগানবাড়িতে গিয়ে তারা নাসের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র যুগ্ম সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎ শেষে সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু বলেন, অতীতের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। জেলা বিএনপির অভিভাবক এম নাসের রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে আমরা একযোগে কাজ কর যাবো। ধানের শীষের প্রার্থীর পক্ষে থেকে বিজয় নিশ্চিত করে আসনটি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল জানান, সাবেক এমপি এম নাসের রহমান নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কুলাউড়া বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে, তার বিজয় নিশ্চিত করাই হবে সবার প্রধান দায়িত্ব।
সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু জানান, পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের স্থান দেওয়ার ওপর জোর দিয়েছেন নাসের রহমান। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়ে এম নাসের রহমান বলেন, নবনির্বাচিত নেতারা অতীতের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি বলেন, “বিএনপি একটি ঐক্যবদ্ধ শক্তি, তৃণমূল নেতাকর্মীরাই দলের চালিকাশক্তি। আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে নতুন কমিটি কুলাউড়ায় বিএনপিকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।
তিনি নেতাদের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা, সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকা এবং গণমানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
