মঙ্গলবার, ১৯শে কার্তিক ১৪৩৩ - ৩ রা নভেম্বর ২০২৬ সন্ধ্যা
প্রচ্ছদঅর্থনীতিমৌলভীবাজারে ১৫ প্রকল্পে ৫০ লাখ টাকা বরাদ্দের অনুমোদন।

মৌলভীবাজারে ১৫ প্রকল্পে ৫০ লাখ টাকা বরাদ্দের অনুমোদন।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে ১৫ প্রকল্পে ৫০ লাখ টাকা বরাদ্দের অনুমোদন

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন নাসের রহমান, ‘বৈষম্যহীন ও উন্নত মৌলভীবাজার গড়তে বদ্ধপরিকর’

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ১৫টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারের জন্য ৫০ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান। তাঁর পাঠানো ডিও (ডেমি অফিসিয়াল) চিঠি ও বিশেষ বরাদ্দের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বরাদ্দ অনুমোদন করেছেন বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসের রহমান এ তথ্য জানান। বরাদ্দ অনুমোদন করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাসের রহমান জানান, নির্বাচনী এলাকার মানুষের ধর্মীয় অনুভূতি ও সামাজিক চাহিদাকে গুরুত্ব দিয়ে সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারের জন্য প্রাথমিকভাবে ১৫টি প্রকল্পে মোট ৫০ লাখ টাকা বরাদ্দ মঞ্জুর করা হয়েছে।

এর আগে গত ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী বরাবর পাঠানো আবেদনে মৌলভীবাজার-৩ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চান নাসের রহমান। আবেদনে তিনি উল্লেখ করেন, সদর ও রাজনগর উপজেলা এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এ নির্বাচনী এলাকার জনসংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। বিগত সরকারের সময়ে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল বলেও তিনি আবেদনে উল্লেখ করেন।

আবেদনের সঙ্গে ১৫টি প্রকল্পের তালিকা সংযুক্ত করা হয়। এতে মসজিদ, দুর্গামণ্ডপ ও শ্মশানঘাটের উন্নয়ন ও সংস্কারের প্রস্তাব রয়েছে। ফেসবুক পোস্টে তিনি মসজিদ, মন্দির, ঈদগাহ ও শ্মশানঘাটের উন্নয়নের বিষয়টিও তুলে ধরেন।

সদরে ১০ প্রকল্পে ৩০ লাখ টাকা

আবেদনের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী, মৌলভীবাজার সদর উপজেলার ১০টি প্রকল্পের জন্য প্রতিটিতে তিন লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সরাপুর জামে মসজিদ, বায়তুস শরীফ জামে মসজিদ, আত-তাকওয়া জামে মসজিদ, উত্তর হাসানপুর জামে মসজিদ, অফিস বাজার জামে মসজিদ, পশ্চিম সাধুহাটি জামে মসজিদ, আখাইলকুড়া জুমাপুর জামে মসজিদ, উত্তর আনকেলী বড় মাতৃসংঘ দুর্গামণ্ডপ, বায়তুল আমান জামে মসজিদ ও শাহবন্দর জামে মসজিদের উন্নয়ন।

রাজনগরে পাঁচ প্রকল্পে ২০ লাখ টাকা

রাজনগর উপজেলায় পাঁচটি প্রকল্পের জন্য মোট ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিটি প্রকল্পের বিপরীতে চার লাখ টাকা করে প্রস্তাবিত বরাদ্দের তালিকায় রয়েছে দক্ষিণ ইসলামপুর জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন, দত্তগ্রাম গাউছুল আজম জামে মসজিদের উন্নয়ন এবং সৈয়দনগর ও চাটুরা গ্রামের মধ্যবর্তী স্থান, মুন্সিবাজার ও মুজফরপুর শ্মশানঘাটের উন্নয়ন।

সদর উপজেলার ১০টি প্রকল্পে ৩০ লাখ এবং রাজনগরের পাঁচটি প্রকল্পে ২০ লাখ টাকা—সব মিলিয়ে ১৫টি প্রকল্পের জন্য মোট ৫০ লাখ টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়।

‘বৈষম্যহীন ও উন্নত মৌলভীবাজার গড়তে বদ্ধপরিকর’

ফেসবুক পোস্টে নাসের রহমান বলেন, নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের ধর্মীয় ভাবাবেগ ও সামাজিক চাহিদার প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের বৈষম্য ও অবহেলার অবসান ঘটিয়ে এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বরাদ্দ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাসের রহমান বলেন, মৌলভীবাজার-৩ আসনের মানুষের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন।

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে এলাকার প্রতিটি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করতে এবং একটি বৈষম্যহীন, উন্নত মৌলভীবাজার গড়ে তুলতে তাঁরা বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

রিলেটেড

জনপ্রিয়