মৌলভীবাজার প্রতিনিধিঃ

উড়ল মৌলভীবাজারে, নামল ভারতের আসামে: যুবদলের ব্যানার ঘিরে ভারতীয় পুলিশের কৌতূহল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার থেকে ওড়ানো শুভেচ্ছা ব্যানার সংবলিত এক গুচ্ছ গ্যাস বেলুন সীমান্ত পেরিয়ে ভারতের আসাম রাজ্যে গিয়ে পড়েছে। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে বাংলাদেশি কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানার পৌঁছানোর এই ঘটনায় স্থানীয় অধিবাসী ও পুলিশের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে আসামের লখিমপুর জেলার নারায়নপুর থানাধীন লেতেকুজান গ্রামের একটি ধানক্ষেতে বেলুন ও ব্যানারটি পড়ে থাকতে দেখে এক বালক। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরবর্তীতে খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল এলাকাটিতে উপস্থিত হয়ে ব্যানার ও বেলুনগুলো নিজেদের হেফাজতে নেয়।
উদ্ধার হওয়া ব্যানারে মৌলভীবাজার জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তা ও স্থানীয় নেতাদের নাম পরিষ্কারভাবে লেখা রয়েছে। বাতাসের বেগ ও আবহাওয়াজনিত কারণে উঁচুতে উঠে পড়া বেলুনগুলো সীমান্ত পেরিয়ে প্রায় কয়েক শত কিলোমিটার দূরে ভারতের লখিমপুর এলাকায় গিয়ে অবতরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজারে উড়ানো বেলুনের ভিডিও চিত্র দেখে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
একটি রাজনৈতিক সংগঠনের ব্যানার কীভাবে এত দূর পৌঁছাল এবং ভৌগোলিক সীমারেখা অতিক্রমের পুরো বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে আনুষ্ঠানিক অনুসন্ধান ও তদন্ত শুরু করেছে আসাম পুলিশ।
